ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মশা তার কাজ করছে, মানুষ হিসেবে আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 5:09 PM

মশা তার কাজ করছে, মানুষ হিসেবে আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন?

মশা তার কাজ করছে, মানুষ হিসেবে আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন?

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, "মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা?"

শনিবার (৬ জুন) জেলা প্রশাসন গাজীপুর, গাজীপুর সিটি করপোরেশন, সিভিল সার্জন কার্যালয় এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে চিকিৎসকরা জানান, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কামড়ে ছড়ায়। এ মশা নোংরা পানিতে নয়, বরং ঘর বা আশপাশে জমে থাকা স্বচ্ছ ও স্থির পানিতে ডিম পাড়ে। ফুলের টব, ভাঙা পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার কিংবা ছাদবাগানে জমে থাকা অল্প পানিও এডিস মশার প্রজননস্থল হতে পারে।

তারা আরও বলেন, সময়মতো চিকিৎসা না নিলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা টক্সিক শক সিনড্রোমে রূপ নিয়ে রোগীর লিভার, কিডনি ও ফুসফুসে রক্তক্ষরণসহ মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস, কোথাও পানি জমতে না দেওয়া, দিনের বেলায় শরীর ঢাকা পোশাক পরা, মশারি ও মশা নিরোধক ব্যবহার এবং জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা আইবুপ্রোফেনজাতীয় ওষুধ সেবন না করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "শনিবারের দিনটি সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ব্যয় করুন। আপনার আঙিনা, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা আপনারই দায়িত্ব।"

তিনি আরও বলেন, "নাগরিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে জীবনসংহারী ডেঙ্গু মশা আপনাকে ও আপনার স্বজনদের ঝুঁকির মুখে ফেলবে। তাই কোথাও যেন পানি জমে না থাকে এবং নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।"

অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status