খেলার মাঠ পূর্ণ সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Saturday, 6 June, 2026, 11:59 AM
খেলার মাঠ পূর্ণ সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নতুন ধামশ্বর বাজার সংলগ্ন খেলার মাঠ পূর্ণ সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৫ জুন) বিকাল ৪.০০ ঘটিকায় দৌলতপুর উপজেলার নতুন ধামশ্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।
ধামশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে মাঠ এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে জন্য মাঠ চাই’, ‘এই মাঠে পুনরায় মাটি ভরাট চাই নিয়ে স্লোগান দেন। পরে তাঁরা ‘প্রজন্মের অধিকার ১০০ বছরের এই খেলার মাঠ পূর্ণ সংস্কারের দাবিতে মাঠের একপাশে মানববন্ধন’ করেন।
স্থানীয় শিহাব হোসেন বলেন, এই মাঠটি আমাদের এলাকায় ১০০ বছরের ঐতিহ্যবাহী মাঠ। বিগত ২০২২-২৩ অর্থবছরে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইদ্রিস আলী অবৈধভাবে উন্নয়নের নামে খেলার মাঠের মাটি কেটে মাঠকে পুকুরে রূপান্তর করেছে। তার দাপটে আমরা তখন কথা বলতে পারিনি। তারপরও আমরা প্রতিবাদ করেছি কিন্তু সে আমাদেরকে মেরে ফেলের হুমকি সহ ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলায় ভয় দেখিয়েছে । আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করি। বর্তমানে আমাদের মাননীয় এমপি এসএ জিন্নাহ কবির মহোদয়ের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে মাঠের পূর্ণ সংস্কারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সনিয়া আক্তার বলেন, ‘আমাদের স্কুলে কোনো খেলার মাঠ না থাকায় স্কুলের ফাঁকে আমরা এই মাঠে এসে খেলাধুলা করি। এই মাঠেই আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠের মাটি কেটে পুকুর করায় আমাদের খেলাধুলা আর আগের মতন হচ্ছে না। সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি যেন তারা নতুন করে আবার মাটি ভরাট করে দেয়’।
ধামশ্বর ৭ নং ওয়ার্ডের সাবেক খেলোয়ার হৃদয় হোসেন দরবেশ বলেন, ‘আমাদের নতুন ধামশ্বর এলাকায় প্রায় ৫ হাজার বাসিন্দা এই মাঠ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করেন। তাই মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট সব মহলের কাছে নতুন করে সংস্কারের জোর দাবি জানাচ্ছি এবং বিগত স্বৈরাচারী সরকারের আমলে অত্র ইউনিন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী অবৈধভাবে উন্নয়নের নামে মাটি কেটে বিক্রি করেছেন তার উপযুক্ত শাস্তি দাবী করছি।
এ সময় ৭ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হাসুমিয়া বলেন- আমাদের শত বছরের ঐতিহ্য খেলার মাঠটি বিগত সরকারের আমলে আমাদেরকে ভয় ভিত্তি দেখিয়ে আওয়ামী লীগের দোসর ও ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী মাটি কেটে মাঠ কে ডুবার পরিনিত করেছে। আমরা প্রতিবাদ করলেও বিভিন্ন সময় সে আমাদের হুমকি-ধমকি দিয়েছে। কিছুদিন আগেও সে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাউল আত্মসাৎ করেছে। আমরা এই চেয়ারম্যানের উপযুক্ত বিচার দাবি করছি। সেই সাথে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমাদের ইউনিয়নের ঐতিহ্যবাহী নতুন ধামশ্বরের খেলার মাঠটি তিনি যেন পুনরায় মাটি ভরাট করে এলাকায় কোমলমতি শিশুদের ও যুবসমাজের খেলার ব্যবস্থা করে দেন।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইদ্রিস আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।