ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 5:09 PM
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ব্যবসা ও সেবন বন্ধে প্রশাসনের কার্যক্রম, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসন, বেহাল রাস্তা-ঘাট সংস্কার, ফুলবাড়ী বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও সমস্যার বিষয় তুলে ধরেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।