|
স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার
নতুন সময় ডেস্ক
|
![]() স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার মামলায় অভিযোগ করা হয়েছে, খুচরা বিক্রির জন্য রাখা টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সের সামনে দুয়া লিপার একটি কপিরাইট করা ছবি ব্যবহার করেছে স্যামসাং। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এমন একটি আবহ তৈরি করেছে, যা দেখে মনে হয় পপ তারকা এ পণ্যটির প্রচার বা ‘এন্ডোর্সমেন্ট’ করছেন। মামলার তথ্য অনুযায়ী, টিভির বাক্সে ব্যবহৃত ছবিটির শিরোনাম ‘দুয়া লিপা— ব্যাকস্টেজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’। এ ছবির যাবতীয় স্বত্ব ও মালিকানা কেবল দুয়া লিপার। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এ মামলাটি করা হয়। চলমান আইনি প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্যামসাং ইলেকট্রনিকসের একজন মুখপাত্র। অন্যদিকে, দুয়া লিপার আইনজীবীরাও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বাড়তি কোনো মন্তব্য করেননি। কপিরাইট এবং ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি স্যামসাংয়ের বিরুদ্ধে প্রচারণার অধিকার (পাব্লিসিটি রাইটস) লঙ্ঘনেরও অভিযোগ এনেছেন লিপা। আদালতে জমা দেওয়া নথিতে লিপার আইনজীবীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং মন্তব্যের স্ক্রিনশট যুক্ত করেছেন। তাদের দাবি, বাক্সের ওপর পপ তারকার ছবি দেখে সাধারণ গ্রাহকরা পণ্যটি কিনতে উৎসাহিত হয়েছেন। একটি স্ক্রিনশটে দেখা যায়, একজন ভক্ত মন্তব্য করেছেন— ‘শুধু দুয়া লিপার ছবি আছে বলেই’ তিনি টিভিটি কিনবেন। ‘লেভিটেটিং’ খ্যাত এই গায়িকার আইনজীবীরা জানান, গত বছরের জুন মাসে স্যামসাংয়ের এ নিয়ম লঙ্ঘনের বিষয়টি লিপার নজরে আসে। তখন তিনি স্যামসাংকে ছবিটির ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বারবার তা প্রত্যাখ্যান করে। মামলায় আরও বলা হয়, স্যামসাংয়ের এ অননুমোদিত ব্যবহারের ফলে দুয়া লিপার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। কারণ এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মিথ্যা বার্তা যাচ্ছে যে, তিনি ওই পণ্যটির অনুমোদন দিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
