|
চলন্ত অটোরিকশায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ২
নতুন সময় প্রতিনিধি
|
![]() চলন্ত অটোরিকশায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ২ মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকার একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ফেরদৌস উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং তোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে বিদ্যুৎ সংযোগ দেওয়া লাইনের অন্তত ১৭টি খুঁটি হঠাৎ করে একসঙ্গে ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় একটি খুঁটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে সেটিকে দুমড়েমুচড়ে দেয়। ঘটনাস্থলেই শিক্ষিকা শারমিন ফেরদৌসের মৃত্যু হয়। একই সঙ্গে ভেঙে পড়া বৈদ্যুতিক তার পাশের একটি পুকুরে পড়ে গেলে সেখানে থাকা মাছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে স্থানীয়দের সহায়তায় অটোরিকশা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন যৌথভাবে উদ্ধার ও খুঁটি অপসারণের কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাবের কায়সার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আক্তার হোসেন জানান, একাধিক খুঁটি ভেঙে পড়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। অবকাঠামোগত ত্রুটি ও নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
