|
এমপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি: কুমিল্লা-হোমনা সড়কে ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি
নতুন সময় প্রতিবেদক
|
![]() এমপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি: কুমিল্লা-হোমনা সড়কে ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি শনিবার (১১ এপ্রিল) সকালে তিতাস উপজেলার বাতাকান্দি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হোমনা-কুমিল্লা রোডে চলাচলকারী ‘একতা সার্ভিস’-এর বাসগুলো আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। বাস শ্রমিকদের অভিযোগ, কয়েকদিন ধরেই স্থানীয় এমপির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। প্রতিটি বাস থেকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু শ্রমিকরা এই দাবিকে অবৈধ উল্লেখ করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকালে একতা সার্ভিসের বাসগুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগে বলা হয়, বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, ওসমান গনিসহ অজ্ঞাত আরও কয়েকজন এমপির দোহাই দিয়ে এ চাঁদা আদায়ের চেষ্টা করছেন। ভুক্তভোগী শ্রমিকরা জানান, “আমরা জনগণকে সেবা দিই। কোনো অবৈধ চাঁদা দিয়ে গাড়ি চালাব না। বিএনপির শীর্ষ নেতৃত্বও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” এদিকে, যাত্রীদের দুর্ভোগের খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। পরে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু হয়। তবে বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। শ্রমিকদের আশঙ্কা, প্রশাসন, বাস মালিকপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে আবারও চাঁদাবাজি বা হামলার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া মুঠোফোনে বলেন, “বিএনপিতে চাঁদাবাজ বা সন্ত্রাসীদের কোনো স্থান নেই। এমন কেউ থাকলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।” অন্যদিকে, এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
