ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফ্রিজের জমাট বরফ গলানোর পন্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 6:53 PM

ফ্রিজের জমাট বরফ গলানোর পন্থা

ফ্রিজের জমাট বরফ গলানোর পন্থা

ফ্রিজে বরফ জমলে শুধু ঝামেলাই হয় না, সাথে বিদ্যুৎ বিল বাড়ে খাবারও নষ্ট হয়।ফ্রিজ যেন ঘরের সবচেয়ে ব্যস্ত যন্ত্র। খাবার ঠাণ্ডা রাখে, মাছ-মাংস সংরক্ষণ করা, পানি জমিয়ে বরফ দেওয়া আরও কত কাজ!

তবে যখন ফ্রিজের ভেতরে বরফের স্তর জমতে শুরু করে, তখনই শুরু হয় ঝামেলা। ড্রয়ার আটকে যায়, খাবার ঠাণ্ডা হতে দেরি হয়, খাবারের গন্ধ আটকে থাকে, কম্প্রেসর অতিরিক্ত চাপে চলে— বিদ্যুৎ বিল বেড়ে যায়।যাদের ফ্রিজে ‘অটো-ডিফ্রস্ট’ বা ‘ডিফ্রস্ট বাটন’ নেই, তাদের তো নিয়মিত বরফ পরিষ্কার করতেই হয়।
রাজধানী মোহাম্মদপুরের ‘হোলসেল ইলেকট্রনিক্স সিটি’র কর্ণধার ফয়সাল হোসেন বলেন, “ফ্রিজে বরফ জমার মূল কারণ বাইরের গরম-আর্দ্র বাতাস ভেতরে ঢোকা। দরজার সিল আলগা থাকলে, দরজা ঠিকমতো বন্ধ না হলে বা দীর্ঘ সময় খোলা রাখলে এই সমস্যা বাড়ে। তবে ঘরের সাধারণ জিনিস দিয়েই ৩০ থেকে ৪৫ মিনিটে বরফ পরিষ্কার করা যায়।”

ফ্রিজ বন্ধ করে খাবার সরানো । প্রথমেই ফ্রিজের প্লাগ খুলে ফেলতে হবে। নিরাপত্তার জন্য এটি জরুরি। ভেতরের সব খাবার বের করে বরফ প্যাক বা কুলার ব্যাগে রাখুন, যাতে ঠাণ্ডা থাকে।ফ্রিজের চারপাশে পুরু তোয়ালে বিছিয়ে দিতে হবে যাতে গলে যাওয়া পানি শুষে নেয়।

গরম পানির বাটি দিয়ে বাষ্পের কাজ । এটি সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ উপায়। একটি ‘হিট-প্রুফ’ বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে ফ্রিজের ভেতরে একটা তোয়ালের ওপর রাখতে হবে।দরজা বন্ধ করে ১০-১৫ মিনিট রাখলে বরফ আলগা করে দেবে বাষ্প। নরম হয়ে গেলে প্লাস্টিকের চামচ দিয়ে চেঁছে তুলতে হবে বরফ।

পুরু বরফ হলে দুয়েকবার গরম পানি বদলে দিতে হতে পারে।প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে চাঁছা কখনও ধাতব ছুরি বা চামচ ব্যবহার করা যাবে না। করলে ফ্রিজের ভেতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল নষ্ট হয়ে যেতে পারে।প্লাস্টিকের স্প্যাচুলা, আইস স্ক্র্যাপার বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না, আলতো করে তুলতে হবে বরফ গললে।

হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস ।  হেয়ার ড্রায়ার মাঝারি বা কম তাপে চালিয়ে বরফের ওপর দূর থেকে গরম বাতাস দিতে হবে। এক পর্যায়ে বরফ গলতে শুরু করলে প্লাস্টিকের চামচ দিয়ে তুলে ফেলতে হবে।সতর্ক সাথে কাজটি করতে হবে, পানি বা বরফের সংস্পর্শে হেয়ার ড্রায়ার যেন না আসে। এই পদ্ধতিতে বরফ দ্রুত গলে।

গরম ভেজা তোয়ালের কৌশল ।  পুরু তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে বরফের ওপর রেখে ফ্রিজের দরজা বন্ধ করে রাখতে হবে। পাঁচ থেকে ১০ মিনিট পর দরজা খুললে দেখা যাবে, বরফ আলগা হয়ে গেছে।বরফ বেশি পুরু হলে দু তিনবার করতে হতে পারে।

টেবিল ফ্যানের সাহায্য।  ড্রায়ার না থাকলে ফ্রিজ খুলে একটা টেবিল ফ্যান চালিয়ে দিতে হবে। এতে বাইরের গরম বাতাস ফ্রিজের ভেতরে ঢুকবে। কোনো অতিরিক্ত তাপ ছাড়াই ধীরে ধীরে বরফ গলতে থাকবে।

বরফ গলার পর পরিষ্কার করা। বরফ গলে গেলে ফ্রিজের ভেতরটা হালকা গরম পানিতে ভেজানো সাবানযুক্ত কাপড় দিয়ে মুছে ফেলার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর্দ্রতা থাকলে আবার বরফ জমবে।

ফ্রিজ চালু করে ঠাণ্ডা হতে দিন, তারপর খাবার সাজিয়ে রাখতে হবে।ভবিষ্যতে বরফ জমা ঠেকাতে। প্রতিবার ব্যবহারের পর দরজা ভালোভাবে বন্ধ করতে হবে।দরজা বেশিক্ষণ খোলা রাখা যাবে না।দরজার সিল পরখ করতে হবে। ফাঁক বা ফাটল থাকলে মেরামত করা জরুরি।গরম খাবার ফ্রিজে রাখার আগে ঠাণ্ডা করে নিতে হবে।ফ্রিজ অতিরিক্ত বোঝাই করা যাবে না। বাতাস চলাচলের জন্য জায়গা রাখুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status