|
টানা চতুর্থ হার রিশাদের রাওয়ালপিন্ডিজের
নতুন সময় ডেস্ক
|
![]() টানা চতুর্থ হার রিশাদের রাওয়ালপিন্ডিজের টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল রাওয়ালপিন্ডিজের ব্যাটিং। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন ওপেনার ইয়াসির খান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিং লাইনআপের কেউ বড় ইনিংস খেলতে না পারায় দলটি চাপে পড়ে। মাঝের দিকে কামরান গোলাম ২৪ বলে ৩৫ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, তবে তাকে আউট করে ম্যাচে প্রভাব ফেলেন ফয়সাল আকরাম। এরপর দ্রুতই বিদায় নেন ড্যারেল মিচেল (১৭)। তিনিও ফয়সালের বলে ক্যাচ দেন। শেষ দিকে ডিন ফক্সক্রফট ১১ বলে ২৪ রান করে দ্রুত রান তুলতে চাইলেও পিটার সিডলের শিকার হন। অন্যদিকে, রিশাদ হোসেন আবারও ব্যাট হাতে ব্যর্থ হন—৩ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত স্যাম বিলিংসের অপরাজিত ৫৬ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রাওয়ালপিন্ডিজ। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্টিভ স্মিথের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় মুলতান সুলতান্স। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান (৩৮ বলে ৬৮) ও জস ফিলিপে (৩০ বলে ৫৬) দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাদের বিদায়ের পর শান মাসুদ ও অ্যাস্টন টার্নার সহজেই দলকে জয়ের পথে নিয়ে যান। ১৬.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে মুলতান। ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয় রিশাদ হোসেনের বোলিং। প্রথম ওভারে ভালো করলেও পরের ওভারগুলোতে ছন্দ হারান তিনি। নিজের দ্বিতীয় ওভারে সাহিবজাদা ফারহানের কাছে টানা তিনটি ছক্কাসহ ২৬ রান দেন। পরের ওভারেও মার খেয়ে শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এই লেগস্পিনার। মাঝের ওভারগুলোতে মোহাম্মদ আমির ও আমির খানের জোড়া আঘাতে কিছুটা আশা জাগলেও রিশাদের ওভারগুলোতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মুলতানের দিকে চলে যায়। এই হারে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়ে রাওয়ালপিন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন তাদের শেষ লক্ষ্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
