|
‘সুপারম্যান’ তারকা ভ্যালেরি পেরিন আর নেই
নতুন সময় ডেস্ক
|
![]() ‘সুপারম্যান’ তারকা ভ্যালেরি পেরিন আর নেই পরিচালক স্ট্যাচি সাউদার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক পোস্টে তিনি জানান, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভ্যালেরি আর আমাদের মধ্যে নেই।’ একই সঙ্গে তার শেষ ইচ্ছা পূরণের জন্য সহযোগিতার আহ্বানও জানান তিনি। ২০১৫ সালে ভ্যালেরি পেরিনের শরীরে পারকিনসন্স রোগ ধরা পড়ে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় এই রোগের সঙ্গে লড়াই করেছেন তিনি। তার অসুস্থতা ও জীবনসংগ্রাম নিয়ে ২০১৯ সালে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করা হয়। পরিচালক সাউদার তার সম্পর্কে বলেন, ‘অসুস্থতার মধ্যেও তিনি অসাধারণ সাহস ও সহমর্মিতা দেখিয়েছেন। কখনও অভিযোগ করেননি—তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।’ ভ্যালেরি পেরিন সবচেয়ে বেশি পরিচিত ‘সপারম্যান’ চলচ্চিত্রে লেক্স লুথরের সঙ্গিনী মিস টেশমাখার চরিত্রে অভিনয়ের জন্য। এই ছবিতে তিনি অভিনয় করেন জেন হ্যাকম্যান-এর বিপরীতে। এর আগে ১৯৭৪ সালে ‘লিনি’ ছবিতে কৌতুক অভিনেতা লেনি ব্রুসের স্ত্রী হানি ব্রুস চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এবং অস্কার ও গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পান। তিনি কাজ করেছেন ডাস্টিন হফম্যান, জেফ ব্রিজেসসহ হলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে। লাস ভেগাসে শোগার্ল হিসেবে ক্যারিয়ার শুরু করেন ভ্যালেরি। ব্যক্তিগত জীবনে নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। একসময় তার বাগদত্তা দুর্ঘটনায় মারা যান। পরে লস অ্যাঞ্জেলেসে এসে অভিনয়জগতে প্রবেশ করেন। ১৯৭০-এর দশকে তিনি যুক্তরাষ্ট্রের টেলিভিশনে প্রথম নারী অভিনেত্রী হিসেবে নগ্ন দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন, যা সে সময় বেশ বিতর্কের জন্ম দেয়। ১৯৮০ সালের ‘ক্যান্ট স্টপ দ্য মিউজিক’ ছবিতে অভিনয়ের পর ক্যারিয়ারে বড় ধাক্কা আসে বলে নিজেই স্বীকার করেছিলেন ভ্যালেরি। পরে তিনি ইউরোপে চলে যান এবং ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। তবে পরবর্তী সময়ে তিনি ‘দ্য বর্ডার’ এবং ‘হোয়াট ওমেন ওয়ান্ট’সহ আরও কিছু ছবিতে অভিনয় করেন। দীর্ঘ ও বৈচিত্র্যময় ক্যারিয়ারে ভ্যালেরি পেরিন একদিকে যেমন সাহসী চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। তার মৃত্যুতে হলিউড হারালো এক অনন্য ও বহুমাত্রিক অভিনেত্রীকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
