ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন কাজল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 1:40 PM

কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন কাজল

কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন কাজল

যশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ ছবির গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এ বিতর্কের মধ্যেই অভিনেত্রী কাজল আগরওয়াল জানিয়েছেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত পছন্দ এবং এ কারণেই তিনি ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি পডকাস্টার শুভংকর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, তিনি কখনোই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য বা নিজের অস্বস্তিকর মনে হয়, এমন পোশাকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি।

কাজলের ভাষায়, ‘আমি শুধু নিজের কথাই বলতে পারি। আমি কখনো এ ধরনের চরিত্র করিনি। পর্দায় অন্তরঙ্গ দৃশ্য কিংবা এমন পোশাক—যেমন বিকিনি—যদি তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে তা করি না। এ কারণেই অনেক বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এতে আমার কোনো আফসোস নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।’

কাজল আরও বলেন, ‘খুব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করিনি। আমার কাছে এগুলো ব্যক্তিগত বিষয়, যা পর্দায় দেখানো ঠিক বলে মনে হয়নি। নিজের সীমারেখাকে আমি সব সময় সম্মান করেছি এবং সে সিদ্ধান্তেই অটল থেকেছি।’

সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়, একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও কেন নারী অভিনেতারা পুরুষদের তুলনায় বেশি সমালোচনার মুখে পড়েন। জবাবে তিনি বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পুরুষও নিজের বিবেচনায় ঠিক করবেন তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন কি না। সিদ্ধান্তটা নিজের ভেতর থেকেই আসা উচিত। তবে আমার মনে হয়, এ ধরনের বিষয়ে নারীরা তুলনামূলকভাবে বেশি সতর্ক থাকেন।’

মাতৃত্ব কাজলের সিদ্ধান্তে কী প্রভাব ফেলেছে, সে বিষয়েও কথা বলেন কাজল। উদ্যোক্তা গৌতম কিচলু ও কাজলের চার বছর বয়সী ছেলে নীল। কাজলের ভাষায়, এখন তিনি চরিত্র বাছাইয়ের সময় ছেলের কথাও ভাবেন।
কাজল বলেন, ‘আমার ছেলে বড় হয়ে যখন আমার সিনেমা দেখবে, তখন যেন সে গর্ব অনুভব করে। আমি চাই না কোনো দৃশ্য দেখে সে অস্বস্তিতে পড়ুক বা প্রশ্ন করুক, “মা, তুমি এটা কেন করলে?” তাই এখন আমি খুব সচেতনভাবে সিনেমা নির্বাচন করি।’

উল্লেখ্য, ‘তাবাহি’ গানটি মুক্তির পর একদিকে যেমন অনেক দর্শক এর নির্মাণশৈলী ও দৃশ্যায়নের প্রশংসা করেছেন, অন্যদিকে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনাও হয়েছে। বিশেষ করে কিয়ারা আদভানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঝড় ওঠে। এ সময় ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও প্রশ্ন তোলেন, একই দৃশ্যে অভিনয় করলেও কেন শুধু নারী অভিনেত্রীই বেশি সমালোচনার শিকার হন, অথচ পুরুষ অভিনেতাকে প্রশংসা করা হয়।

আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ ছবিটির। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ ২৪ জুলাই মুক্তি পাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status