ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 July, 2026, 12:20 PM

সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা

সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও কাজের গতি থামাননি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও তিনি নিয়মিত শুটিং করছেন অ্যাটলির বহুল প্রতীক্ষিত ছবি ‘রাকা’–এর। শুধু তা–ই নয়, ছবির কঠিন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা প্রায় প্রতিদিনই ‘রাকা’–এর শুটিং করছেন। সম্প্রতি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমিত রাখার পক্ষে সরব হলেও ছবির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তিনি পূর্ণ মনোযোগ দিয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে শুটিং শেষ করার লক্ষ্য নিয়ে রাতের শিফটেও কাজ করছেন এবং শারীরিকভাবে কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন।

ছবির একটি সূত্র জানায়, ‘মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে ছবির কাজ শেষ করার ব্যাপারে দীপিকা খুবই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। অনেক অ্যাকশন দৃশ্যই অত্যন্ত কঠিন ও পরিশ্রমসাধ্য। কিন্তু সব চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি সেগুলো সফলভাবে শেষ করছেন। সেটে তাঁর নিষ্ঠা সবার জন্যই প্রেরণা। এ ছাড়া বাড়িতে দেড় বছর বয়সী মেয়ের প্রতিও তিনি সমান মনোযোগ দিচ্ছেন।’ 

অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন ছবি। এতে দীপিকার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। বড় বাজেট, আধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট ও জমকালো অ্যাকশনের কারণে ছবিটি ২০২৭ সালের সবচেয়ে প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া মুভিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাটলির আগের কিছু ছবির মতো এখানেও আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ছবিটি বড় পরিসরের ভিজ্যুয়াল ইফেক্ট–নির্ভর। আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও এই প্রকল্পে কাজ করছে বলে জানা গেছে। তাই এটিকে ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রযুক্তিনির্ভর প্রযোজনা হিসেবে দেখা হচ্ছে। ছবির সংগীত পরিচালনা করছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর। সম্প্রতি তিনি জানান, আল্লু অর্জুনের মতো তারকার সামনে নিজের সুর উপস্থাপন করতে তিনি শুরুতে বেশ নার্ভাস ছিলেন।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। বিভিন্ন প্রতিবেদনে ডিসেম্বর ২০২৭-কে সম্ভাব্য মুক্তির সময় হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও নির্মাতারা এখনো চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করেননি।

এটি প্রথমবার নয়। প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’–এর ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’তে তাঁর সহশিল্পী ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান। আর রোহিত শেঠির ‘সিংগাম অ্যাগেইন’-এ তিনি অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং ও টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status