ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2026, 11:28 AM

যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প

যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প

দশম দিনে পড়ল আমেরিকা-ইরান যুদ্ধ। আর কত দিন চলবে পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতি? তা নিয়ে উদ্বেগের মাঝে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কখন থামাবেন, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প কি একক ভাবেই যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন, না কি নেতানিয়াহুর মতামতও শোনা হবে? তা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। 

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি, এটি কিছুটা হলেও যৌথ সিদ্ধান্ত হবে। আমাদের মধ্যে কথাবার্তা চলছে। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব। তবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু না-থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিত ইরান। তিনি বলেন, “ইসরায়েল এবং তার আশপাশের সব কিছু ধ্বংস করতে যাচ্ছিল ইরান। আমরা (ট্রাম্প এবং নেতানিয়াহু) একসঙ্গে কাজ করছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করছি যারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।”

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবেই হামলা চালায় ইরানে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। ওই হামলাতেই নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পরে গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ওই অঞ্চলে আমেরিকার বন্ধুদেশগুলির উপর হামলা শুরু করে ইরান। পশ্চিম এশিয়ার এই অশান্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। সংঘর্ষের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করার প্রস্তাব দিতে শুরু করেছে ভারত-সহ বিভিন্ন দেশ।

এ অবস্থায় ট্রাম্পের দাবি, যুদ্ধ কবে থামানো হবে তা নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে, তা নিয়ে আগেও মন্তব্য করেছেন তিনি। সংঘর্ষ শুরু হওয়ার দু’দিন পরেই ট্রাম্প দাবি করেন, চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলতে পারে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার বা পাঁচ সপ্তাহ পর্যন্ত চালাতে হতে পারে। প্রয়োজনে আমেরিকা আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে প্রস্তুত।’’

ঘটনাচক্রে, সোমবারই খামেনেইয়ের উত্তরসূরির নাম ঘোষণা করেছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে খামনেই-পুত্র মোজতবা খামেনেইকে। তার নাম ঘোষণার আগেই তেহরানকে একপ্রস্ত হুঁশিয়ারি দেয়ে রেখেছেন ট্রাম্প। 

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউস না-চাইলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status