|
ঈদের আগে গাজীপুরে ৭৫ শ্রমিক সাময়িক বরখাস্ত
দাঙ্গা-হাঙ্গামার মামলা, গ্রেপ্তার ২; বেতন কর্তনকে কেন্দ্র করে উত্তেজনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঈদের আগে গাজীপুরে ৭৫ শ্রমিক সাময়িক বরখাস্ত মঙ্গলবার (৪ মার্চ) সকালে গাজীপুরের বাসন নাওজোর এলাকায় অবস্থিত দিগন্ত সুয়েটার্স লিমিটেড-এর সামনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কয়েকদিন বন্ধ থাকার পর কারখানাটি পুনরায় চালু করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, গত ১ মার্চ কারখানার ভেতরে দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর, সম্পত্তি বিনষ্ট, অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি ও অবৈধভাবে কাজ বন্ধ রাখার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৫ জন শ্রমিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাতে জানা যায়, গত ৩ মার্চ ব্যবস্থাপক (মানবসম্পদ) স্বাক্ষরিত এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩(৪) এর ক, খ ও ছ উপ-ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশসহ ৭৫ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়। নোটিশ সংশ্লিষ্ট শ্রমিকদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়েছে। বরখাস্ত শ্রমিকরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কারখানায় প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়। তবে শ্রমিকদের দাবি, বেতন কম দেওয়াকে কেন্দ্র করেই এ পরিস্থিতির সৃষ্টি। সাময়িক বরখাস্ত হওয়া শ্রমিক রহিমা বেগম বলেন, “আমরা ১৫ হাজার টাকা বেতন পাওয়ার কথা, কিন্তু দেওয়া হয়েছে ৭ হাজার ৭০০ টাকা। বকেয়া টাকার দাবিতে সহকর্মীরা আন্দোলন করেন। আমি আন্দোলনে ছিলাম না, বাসায় ছিলাম। আজ কারখানায় গিয়ে দেখি ৭৫ জনের নামের তালিকায় আমার নামও আছে।” কারখানার এডমিন ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, “কারখানা আজ থেকে চালু হয়েছে। ৭৫ জন শ্রমিককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।” বেতন কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, “ভুলবশত টাকা কম দেওয়া হয়েছিল। বকেয়া পরিশোধ করা হবে।” এদিকে বাংলাদেশ গার্মেন্টস শিল্প ও শ্রমিক ফেডারেশন, গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন, “মালিকপক্ষের গাফিলতির কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঈদের আগে শ্রমিকদের নামে মামলা ও সাময়িক বরখাস্ত অযৌক্তিক। মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং বরখাস্তদের পুনর্বহাল করতে হবে।” বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
৩৩ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত বৃত্তি পরীক্ষায়
সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার
রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট
