|
জনগণের স্বার্থে নিজ হাতে পোস্টার অপসারণে নেমেছেন নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর
নতুন সময় প্রতিনিধি
|
![]() জনগণের স্বার্থে নিজ হাতে পোস্টার অপসারণে নেমেছেন নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর ১৫ ফেব্রুয়ারি (রোববার) সকালে নিজ নির্বাচনী এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার প্রয়োজনে ব্যানার–ফেস্টুন লাগিয়েছি। এখন জনগণের প্রয়োজনে সেগুলো অপসারণ করছি। তিনি জানান, ইতোমধ্যে নেতা–কর্মীদের পোস্টার অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল থেকেই তারা বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো পোস্টার–ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই পুরো ১৮ আসন পরিষ্কার–পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, একটি নির্বাচনের পর এলাকা পরিচ্ছন্ন রাখা রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের অংশ। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সর্বপ্রথম এলাকার জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে অনেক সমস্যার সমাধান সহজ হবে। বর্তমানে এলাকায় যানজট, গ্যাস সংকট, মাদক সমস্যা ও অন্যান্য নাগরিক ভোগান্তি রয়েছে। জনগণের মতামত ও চাহিদাকে প্রাধান্য দিয়ে ধাপে ধাপে এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় তিনি তারেক রহমান–এর আগমন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তখন বেনার–ফেস্টুন অপসারণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার সময় কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলোর পরিবর্তে নতুন করে গাছ লাগানো হয়েছে এবং এখনো সেগুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। তিনি বলেন, আগামীতে জনগণের কথা প্রাধান্য দিয়ে, যখন যে সমস্যা সামনে আসবে, সেটি গুরুত্ব সহকারে সমাধানে কাজ করবো। এলাকার উন্নয়ন ও নাগরিক সেবাকে টেকসই করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
