|
ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও সীমান্তের সংবেদনশীলতা বিবেচনায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অপরদিকে ভারতের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে. কে. রাও। বৈঠকে সীমান্ত পরিস্থিতি, আন্তর্জাতিক সীমান্ত আইন, পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ নতুন করে কোনো সড়ক নির্মাণ করবে না বলে আশ্বস্ত করেছে। তিনি বলেন, বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা কেবল ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সড়কটির সংস্কার কাজ করছে। জিরো লাইনে নতুন কোনো সড়ক নির্মাণের কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা অবশ্যই দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত অবস্থা সরেজমিনে যাচাইয়ের জন্য খুব শিগগিরই বিজিবির একটি তদন্ত দল সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে বিএসএফ কর্তৃক নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণ কার্যক্রম শুরু হলে বিজিবির পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। এতে করে সীমান্ত এলাকায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির দৃঢ় অবস্থান ও কূটনৈতিক তৎপরতার মুখে শেষ পর্যন্ত বিএসএফ নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় সোমবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় যে, জিরো লাইনের প্রায় এক কিলোমিটার পুরোনো সড়ক নতুন করে নির্মাণ না করে শুধুমাত্র সংস্কার করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
