|
শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন, আসলে যা ঘটেছিলো
নতুন সময় প্রতিবেদক
|
![]() শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন, আসলে যা ঘটেছিলো ওই ভিডিও সূত্র ধরে আজ রোববার ঘটনাটির খোঁজ করতে গিয়ে জেনা যায়, ঘটনাটি গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারের। ২ জানুয়ারি শুক্রবার চুরির অভিযোগ তুলে ওই নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন করা হয়। গতকাল রাতে নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগে গুলশান থানার পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। তবে ওই নারীকে পুলিশ খুঁজে পায়নি। আজ রোববার গুলশানায় থানায় গিয়ে কথা হয় অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানসহ গতকাল অভিযানে যাওয়া পুলিশদের সঙ্গে। তাঁরা জানান, ভাইরাল হওয়া ভিডিওটি গতকাল পুলিশের নজরে আসে। স্থানটি গুলশান থানাধীন নদ্দা এলাকার মোড়ল বাজার বলে শনাক্ত করা হয়। রাত সাড়ে ১০টায় পুলিশ সেখানে অভিযান চালায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁরা ঘটনাস্থল মারকাযুত তা'লীম আল- ইসলামী মাদ্রাসায় পৌঁছান। পুলিশের কাছে মাদ্রাসার লোকজনের ভাষ্য ছিল, সেদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থী দেখতে পায়, ওই নারী মাদ্রাসার লোকমান নামের একজন শিক্ষকের কক্ষে তাঁর হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছেন। শিশুশিক্ষার্থীরা চিৎকার করলে পাশের কক্ষ থেকে একরাম নামের আরেক শিক্ষক বেরিয়ে আসেন এবং ওই নারীকে আটক করেন। ওই নারীকে তাঁরা পুলিশে সোপর্দ করতে চেয়েছিলেন। কিন্তু এত সকালে ‘পুলিশ কোথায় পাবেন’—সেই চিন্তা করে নারীকে নিজেরাই ‘শাস্তি’ দিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শাস্তির প্রক্রিয়া হিসেবে নারীকে বেঁধে পানি ঢেলে ছেড়ে দেওয়া হয়। এরপর কয়েকজন ওই নারীকে উত্তরাগামী একটি বাসে তুলে দেন। দল বেঁধে ওই নারীর ‘শাস্তি’ দেখতে থাকা কেউ একজন ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। পুলিশ ভিডিও দেখে পাঁচজনকে শনাক্ত করেছে। তবে ওই নারীকে এলাকার কেউ চিনতে পারেননি। ওই নারী ওই এলাকার নন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এখন পর্যন্ত ওই নারীকে শনাক্ত করতে পারেনি। মাদ্রাসা ভবনের যে কক্ষ থেকে ওই নারীকে আটক করা হয়েছিল, তা চতুর্থ তলায়। ওই নারী কীভাবে সেখানে ঢুকতে পারলেন, সেই প্রশ্নেরও উত্তর মিলছে না। এ বিষয়ে জানতে মাদ্রাসার সাইনবোর্ডে থাকা মুঠোফোন নম্বরে কল করে ও খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। ওসি মো. রাকিবুল হাসান বলেন, ভিডিও দেখেই পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। রাতেই পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। পুলিশের একটি দল ভুক্তভোগী নারীর খোঁজ করছে। ওই নারীকে খুঁজে না পেলে আটক ব্যক্তিদের বিষয়ে কী করা হবে—জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’ মামলা কী করা হবে? মামলা হলে কোন ধারায় হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘সেটাও আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব।’ থানা থেকে জানা গেছে, যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, তাঁরা হলেন মাদ্রাসার দুই হুজুর লোকমান ও একরাম এবং তিন শিক্ষার্থী। এদিকে ওই নারীকে নির্যাতনের ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়া জানান অনেকে। তাঁরা ভিডিওটি শেয়ার করে অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবি করেছেন। তাঁদের একজন অধিকারকর্মী ফেরদৌস আরা রুমী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? অবিলম্বে এইখুঁজে বের করুন। আল্লাহর দোহাই লাগে।’ ওই পোস্টের নিচে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি করে মন্তব্য করেন কয়েকজন। এম এ মামুন নামের একজন বলেন, ‘এটা কি আইনের কাজ? নিজেরা আইন হাতে তুলে নিলে বিচার বিভাগের কী দরকার? কী কারণে নিজেরা এমন শাস্তি দিচ্ছে? দেশে যে আইন নাই, এটা বোঝা যায়।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
