ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 12:39 PM

ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরে ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। স্থলভাগে উঠে আসার পর ঝড়টির গতি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগে যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, বাস্তবে তা নাও হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজধানী ঢাকায় আজ বিকাল অথবা সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই বুধবার ভোররাত থেকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের উপকূল অতিক্রম করতে শুরু করে। ঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইতিমধ্যে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। 

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও ভোররাতে ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, ঘূর্ণিঝড়টি সমতলে উঠে আসার পর এর গতি কমতে শুরু করেছে। বর্তমানে এটি খুব ধীরে উপকূল অতিক্রম করছে। ফলে উপকূল অতিক্রমের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে দেশের উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। তবে ঝড়টির গতি কমে যাওয়ায় এবং এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ আগের ধারণার তুলনায় কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হয়েছে। সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, যার ফলে গরমের তীব্রতা বাড়তে পারে। এর প্রভাব হিসেবে গতকাল মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানান, আজ বিকাল অথবা সন্ধ্যার দিকে ঢাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আগের পূর্বাভাসের তুলনায় কম হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে স্থানীয় প্রশাসন পর্যটক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status