|
ফুলবাড়ীতে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে দেখা যায় শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। রঙিন মলাটের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই পাঠ্যবই পাওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী ও আগ্রহী হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার। তিনি বলেন, নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের জ্ঞানার্জনের প্রথম ধাপ। নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ আমিনুল ইসলাম শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সময়ের সঠিক ব্যবহার ও অধ্যবসায়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: আকতারা বেগম, মোঃ মাহফুজার রহমান, মোছা: হোসনে আরা, মোছা: আরজিনা বেগম, মোছা: বিলকিছ বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সরকারের নির্দেশনা ও জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
