ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জে ‘ভোটের মাঠে নির্বাচন ২০২৬’ আলোচনা সভায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৫
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Thursday, 18 December, 2025, 5:13 PM

রামগঞ্জে ‘ভোটের মাঠে নির্বাচন ২০২৬’ আলোচনা সভায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৫

রামগঞ্জে ‘ভোটের মাঠে নির্বাচন ২০২৬’ আলোচনা সভায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজ–এর আয়োজনে ‘ভোটের মাঠে নির্বাচন ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।

সকাল ১১টায় শুরু হওয়া আলোচনায় অংশ নেন সদ্য বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান পাটোয়ারী এবং ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি ও হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার নিউজের ফারাবি হাফিজ।

সাড়ে ১১টার দিকে দর্শক সারি থেকে মো. আল আমীন নামে ঢাকা তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করেন। প্রশ্নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্টতা, ইসলামী আন্দোলনে যোগদানের সময় এবং জেলা সহ-সভাপতির পদ পেতে অর্থ লেনদেনের অভিযোগের বিষয় উঠে আসে।

এ সময় ইসলামী আন্দোলনের এক সমর্থক উত্তেজিত হয়ে ওই শিক্ষার্থীর দিকে জুতা প্রদর্শন করলে লাইভ অনুষ্ঠানে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হট্টগোলের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ১০–১৫টি চেয়ার ছুড়ে মারে। এতে ৪–৫ জন কর্মী-সমর্থক সামান্য আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে একে অপরকে দোষারোপ করে ব্যাপক পোস্ট দিতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী বলেন, “আমাদের অনুষ্ঠান নষ্ট করার উদ্দেশ্যে আলোচনার বাইরে মিথ্যা ও বানোয়াট প্রশ্ন করা হয়েছে। প্রশ্নকারী কারা, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ প্রশ্নের কারণে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।”

উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “এ ধরনের অনুষ্ঠানে ওইভাবে প্রশ্ন করা ঠিক হয়নি। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলনের এক সমর্থক উত্তেজিত হয়ে পড়লে বিএনপির কর্মীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমাদের লোকজন চেয়ার থেকে ওঠেনি। প্রশ্নকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।”

বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম বলেন, “একটি প্রশ্নকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status