খালেদা জিয়ার রোগমুক্তি জন্য নদীর স্রোতেও আমরা মানুষের আকুলতা শুনতে পাচ্ছি- রুহুল কবির রিজভী
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 6 December, 2025, 1:54 PM
খালেদা জিয়ার রোগমুক্তি জন্য নদীর স্রোতেও আমরা মানুষের আকুলতা শুনতে পাচ্ছি- রুহুল কবির রিজভী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাশীর পাশাপাশি নদীর স্রোতেও আমরা আকুলতা শুনতে পাচ্ছি। আজ ৫ ডিসেম্বর শুক্রবার কুড়িগ্রাম জেলা সদরের সরদার পাড়ায় নিজ বাসভবন সংলগ্ন মসজিদে জুম্মার নামাজ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। এ সময় খালেদা জিয়ার অসুস্থতায় আসন্ন জাতীয় নির্বাচনে কোন প্রভাব পরবে কিনা স্থানীয় বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচনে বড় ধরনের বিপর্যয় কিংবা কোন সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। মিডিয়া প্রতিনিধিরা খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা সংক্রান্ত ও বর্তমান অবস্থা, নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে এসব বিষয়ে যথাযথ জবাব দেন তিনি।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, রমজানের পূর্বেই নির্বাচন। বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে আমরা এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।’ তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতনই খালেদা জিয়াকে দমাতে পারেনি। জেল-নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়ন সবকিছু উপেক্ষা করেও তিনি দৃঢ়তার সঙ্গে জনগণের পক্ষে থেকেছেন। আজ তার এই অসুস্থতার জন্য দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দোয়া করছে, আন্তর্জাতিক মহল থেকেও বার্তা আসছে। জনগণের পাশাপাশি বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে রোনাজারি। নদীর স্রোতেও যেন আমরা মানুষের আকুলতা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যে ভালোবাসা নিয়ে দোয়া করছে আল্লাহ নিশ্চয়ই দেশনেত্রীকে সুস্থতা দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না, এ প্রশ্নে রিজভী বলেন, ‘যার মা কঠিন অসুস্থ, তিনি এখন সেটাই ভাববেন নাকি অন্য কিছু? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। তিনি যখন মনে করবেন, উপযুক্ত সময়ে ফিরবেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত।’
নিজ জেলা কুড়িগ্রামে বিএনপির এই কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অংগসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।