|
বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিদিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। ফলে কেউ মাঠে খেলাধুলায় মেতে উঠেছে, আবার কেউ শ্রেণিকক্ষে বসে শিক্ষকদের অপেক্ষায় সময় কাটাচ্ছে। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামো সংশোধন ও পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে, হঠাৎ করে পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, এতে শিক্ষার্থীদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত কয়েক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে সারাদেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর পাঠদান বন্ধ হয়ে গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
