|
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ঘটনা সূত্রে জানা যায়, গত ০৮ নভেম্বর ভোরে কক্সবাজারের রামু খুনিয়া পালং ইউনিয়নের পেচারদ্বীপ জাদুঘর সংলগ্ন এলাকা থেকে তিন জেলে নৌকা যোগে সাগরে মাছ ধরতে যান। তারা হলেন-ঐ এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল মাবুদ (৪২), কাদির হোসেনের ছেলে এহসানুল হক (২৬) এবং মীর কাসেমের ছেলে জাহেদ আলম (২৬)। তারা সাগরে জাল ফেলে মাছ ধরার পর ০৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে তীরে ফেরার সময় সাগরের উত্তাল ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এ সময় মাবুদ ও এহসান সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হলেও জাহেদ নিখোঁজ হয়ে যান। স্থানীয় লোকজন ও সহযাত্রী জেলেরা রাতভর খোঁজাখুঁজি করেও জাহেদের কোনো খোঁজ পাননি। শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় হিমছড়ির সাগর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ভোরে মরদেহ উদ্ধার করে। রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “নিখোঁজ জেলে জাহেদের মরদেহ সাগরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা উল্টে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
