সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ১২ মার্চ ধার্য করেছেন আদালত।
রোববার (১০ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।