|
ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মারিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আচুলা গ্রামে। সে মাসুদের মেয়ে। চার মাস আগে মারিয়ার নানি বকুল তাকে ধানমন্ডির একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন। গৃহকর্ত্রী নাসরিন সুলতানা বলেন, আমি একাই ওই বাসায় থাকি। স্বামী ও একমাত্র মেয়ে দেশের বাইরে। শনিবার দুপুরে আমার গাড়ির চালক বাসায় এসে কলিংবেল বাজালে দরজা খোলা হচ্ছিল না। পরে সে আমাকে ফোন দিলে আমি বাসায় এসে দরজা খুলে দেখি, গেস্ট রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মারিয়া। তখনও শরীর গরম ছিল। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। তিনি আরও বলেন, মারিয়ার নানি চার মাস আগে তাকে আমার বাসায় কাজে দেয়। আমার বাসায় দুজন গৃহকর্মী ছিল, তবে দুমাস আগে একজন চলে যায়। ধারণা করছি, মারিয়া হয়তো এখানে কাজ করতে চাইছিল না, সে কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। মারিয়ার নানি বকুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, চার হাজার টাকা বেতনে তাকে কাজ দিয়েছিলাম। আজ দুপুরে খবর পেলাম, সে গলায় ফাঁস দিয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানাকে অবহিত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
