|
চলনবিলের বুকে নৌকার ভেলা, আকাশে সাদা বকের ডানা
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() চলনবিলের বুকে নৌকার ভেলা, আকাশে সাদা বকের ডানা বর্তমানে সিরাজগঞ্জ,পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়েই চলনবিল। এখন শুধু বর্ষা মৌসুম ছাড়া বিস্তীর্ণ এ বিলে পানির প্রবাহ দেখা যায় না। বিলের বিস্তীর্ণ এলাকায় বছরের বেশিরভাগ সময় জুড়েই চলে ফসলের আবাদ। তারপরও বর্ষায় বিশাল বিলের বুকজুড়ে জলরাশি। সেই জলের ঢেউ দোলা দিয়ে যায় হৃদয়ে। সেই জলরাশিতে অসীম আকাশের স্নিগ্ধ প্রতিচ্ছবি। জীব বৈচিত্র্য আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চলনবিল। আর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিস্তীর্ণ এই জলরাশি অপার্থিব সৌন্দর্যের আঁধার। নৌকায় বসে ঝিরিঝিরি হাওয়ায় উদাসী হয় মন। ইচ্ছে করে বিলের পানিতে নেমে পা ভেজাতে। বিলের সূর্যোদয়ের সময় মনে হয় আকাশের বুক থেকে যেন আগুনের রশ্মি বের হয়ে জলধারায় মিলেমিশে একাকার। সম্প্রতি বর্ষাকাল পেরিয়ে শরতের চলনবিলে সরেজমিনে দেখা যায়, দু’চোখের দৃষ্টিসীমা জুড়ে শুধুই জলরাশি,চারিদিকে পানি আর পানি। বিশাল জলরাশির মধ্য দ্বীপের মতো ভাসমান ছোট ছোট গ্রাম। বাতাসে কান পাতলেই ভেসে আসে জলের ছলাৎ ছলাৎ শব্দ। ওপরে নীল আকাশ আর ছানা কাটা মেঘ নিজেকে ভাসিয়ে নিয়ে যায়। কখনো সূর্য মেঘের আড়ালে মুখ ঢাকলেও জলে তার প্রতিচ্ছবি মুগ্ধতার সৃষ্টি করে। জলের ঢেউয়ের তালে হৃদয়ে দোলা দিয়ে যায় এক অন্যরকম ভালো লাগা। হঠাৎ দূর থেকে বিশাল বিলের মাঝে লাল সাদা রঙের ব্রিজ মনে হবে একটি দ্বীপ। যেখানে ইচ্ছে করে পানিতে নেমে গা ভেজাতে। অনেকেই আবার গা ভিজিয়েও আনন্দ উপভোগ করেন। প্রতিবছর বর্ষা মৌসুমের চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। পর্যটকদের জন্য এমনই অপরূপ সৌন্দর্য মেলে ধরে আছে চলনবিল। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের বিভিন্ন সময়ে সমস্যায়ও পড়তে হয়। তাই চলনবিলে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন চলনবিল ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটন কেন্দ্র করতে গিয়ে চলনবিলের ক্ষতি যেন না হয়, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। বেড়ানো শেষে ফেরার পথে চলনবিলের বুকে সূর্যাস্তের দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতার আবেশ। বিলের পানিতে সূর্যাস্তের দৃশ্য নিয়ে যায় ভালো লাগার অন্য জগতে যা প্রবাহমান জলের সেই ছায়া পড়ে ফুটে ওঠে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট। চলনবিলে সূর্যাস্তের সময় যেন আকাশের মেঘগুলোও লাল হয়ে যায়।তখন আকাশের দিকে তাকালে মনে হয়, মেঘের গায়ে অগ্নিশিখা। চলন বিলের থইথই পানিতে সেই সূর্যের আলো পড়ে আগুনে লাভার মতো দেখায়। এদৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের মনে দোলা দিয়ে যায়। চলনবিল এমনিতেই রূপে অপরূপ। এ বিলের সৌন্দর্য অসাধারণ মনমুগ্ধকর যা বিভিন্ন জায়গা থেকে অবলোকন করা যায়। সূর্যাস্তের আলো শরীরে মেখে বিমোহিত হওয়ার এক অনিন্দ্য দৃশ্যপট। চলনবিলে বেড়াতে আসা দর্শনার্থীরা বলেন, 'দেশের সবচেয়ে বড় বিল চলনবিলে প্রতিবছরই এ সময়টাতে ভিড় বাড়ে। এ সময়টাতে নৌকায় বেড়ানো অন্যরকম মজা। চলনবিলে বেড়াতে খুবই ভালো লাগে। তবে ভালো থাকার জায়গা, খাওয়ার হোটেল, পাবলিক টয়লেটসহ বেশ কিছু সমস্যা ও সংকট রয়েছে। এগুলো নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি চলনবিলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলে আরও ভালো হয়।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
