ফরহাদ রেজার পর নাজমুল ইসলাম অপুর আঘাত। রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫১ রানে ২ ওপেনারের উইকেট হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।
ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসেই ঢাকা ডায়নামাইটসের ওপেনার সুনীল নারিনের উইকেট তুলে নেন নাজমুল ইসলাম অপু। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফরহাদ রেজার দুর্দান্ত ক্যাচে পরিণত হন নারাইন। সাজঘরে ফেরার আগে ১৯ বলে তিন চার ও দুই ছক্কায় ২৮ রান করেন ডায়নামাইটসের এই উইন্ডিজ অলরাউন্ডার।
ঢাকার উদ্বোধনী জুটি ভাঙলেন ফরহাদ রেজা হজরতউল্লাহকে আউট করে ঢাকা ডায়নামাইটসের উদ্বোধনী জুটি ভাঙলেন ফরহাদ রেজা। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই ঢাকার আফগান ওপেনারকে সাজঘরে ফেরান হজরতউল্লাহ। দলীয় ৩৫ রানে সাজঘরে ফেরেন জাজাই। তার আগে ১৮ বলে ১৭ রান করেন তিনি।
অবশ্য ৪ রানেই সাজঘরে ফেরার কথা ছিল তার। মাশরাফির বলে পয়েন্টে ক্যাচ তুলে দেন জাজাই। কিন্তু ফিল্ডার শফিউল ইসলাম সহজ ক্যাচটি তালুবন্দি করতে না পারায় লাইফ পান হজরতউল্লাহ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৪তম ম্যাচে সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
বিপিএলের আগের ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে আছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।
অন্যদিকে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পর্যায়ে আছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুজনই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। একমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে যাওয়া মাশরাফি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন একদিনের ক্রিকেটে। টেস্ট এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।
ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব ও কাজী অনিক।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম।