|
বগুড়া জিলা স্কুল কেন্দ্রের ৮৮৩ শিক্ষার্থীর সংশোধিত ফলাফল প্রকাশের নির্দেশ
দীপক কুমার সরকার, বগুড়া
|
![]() বগুড়া জিলা স্কুল কেন্দ্রের ৮৮৩ শিক্ষার্থীর সংশোধিত ফলাফল প্রকাশের নির্দেশ এর পরিপ্রেক্ষিতে শনিবার (১২ জুলাই) রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ওই শিক্ষার্থীদের ফলাফল সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া জিলা স্কুল কেন্দ্রের সব পরীক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় নির্ধারিত নম্বর ৫০-এর স্থলে ভুলবশত ২৫ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে পাঠানো হয়েছে বলে কেন্দ্রসচিব লিখিতভাবে জানিয়েছেন। ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ব্যবহারিক নম্বর ২৫-এর স্থলে ৫০ সন্নিবেশিত করে সংশোধিত ফলাফল প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। এমতাবস্থায় বগুড়া জিলা স্কুলের পরীক্ষার্থীদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ২৫-এর স্থলে ৫০ সন্নিবেশ করে ফলাফল সংশোধনপূর্বক প্রকাশের জন্য অনুরোধ করা হলো। বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব সেলিমা নাসরিন বলেন, কারিগরি ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত এই ভুলের ঘটনা ঘটেছে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ২৫-এর বদলে ৫০ নম্বর সন্নিবেশিত করে সংশোধিত ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডে লিখিত আবেদন করা হয়েছে। শিগগির ভুক্তভোগী শিক্ষার্থীদের সংশোধিত ফল প্রকাশ করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। গত বৃহস্পতিবার(১০ জুলাই) এসএসসির ফলাফল প্রকাশের পর ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে কম নম্বর পাওয়ার বিষয়টি নজরে আসে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের। এরপর তাঁরা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পড়েন জিলা স্কুলের শিক্ষকেরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
