ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 June, 2025, 10:10 AM
সর্বশেষ আপডেট: Monday, 30 June, 2025, 10:14 AM

ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কী?

ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কী?

দেশের প্রচলিত আইনের বিধান অনুযায়ী, ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রত্যেক নাগরিক লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন। এ ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়। লাইসেন্স ব্যতিত অস্ত্রটি অবৈধ বলে গণ্য হবে এবং তা শাস্তিযোগ্য অপরাধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে সমর্থ হতে হবে।

এ ছাড়া তার বয়স হতে হবে ৩০ থেকে ৭০ বছর। পাশাপাশি তাকে নির্দিষ্ট কিছু শর্তও পূরণ করতে হবে।
শর্তগুলোর মধ্যে প্রথমেই আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণির আয়করদাতা হতে হবে। শুধু করদাতা হলেই হবে না আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত ৩ বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে।

নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি যদি পিস্তল, রিভলভার বা রাইফেলের জন্য লাইসেন্স করতে চান সেক্ষেত্রে এই ৩ বছর তাকে ন্যূনতম ৩ লাখ টাকা এবং শটগানের জন্য ন্যূনতম ১ লাখ টাকা আয়কর দিতে হবে। লাইসেন্সের আবেদনের সময় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা ব্যক্তি যদি প্রবাসী বা দ্বৈত নাগরিক হন, সেক্ষেত্রে তাকে ৩ বছর ধারাবাহিকভাবে প্রতিবছর অন্তত ১২ লাখ টাকা রেমিট্যান্স পাঠাতে হবে। পাশাপাশি তিনি যে দেশে বাস করছেন, সে দেশে আয়কর দাখিলের প্রমাণপত্র সরবরাহ করতে হবে।

এ ছাড়া রেমিট্যান্স পাঠানোর প্রমাণস্বরূপ সরকারি বা বেসরকারি ব্যাংকের প্রত্যয়নপত্রও লাইসেন্সের আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

সর্বোচ্চ কতগুলো অস্ত্র রাখা যাবে?
একজন ব্যক্তি কয়টি আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন, তাও দেশের প্রচলিত আইনে নির্দিষ্ট করে দেওয়া আছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬‑তে এ বিষয়টিও স্পষ্ট করে বলা আছে।

নীতিমালা অনুযায়ী, একজন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ একটি পিস্তল বা রিভলভার এবং একটি শটগান বা রাইফেলের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ, একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি অস্ত্রের লাইসেন্স পাবেন।

আবেদনকারীকে তার অস্ত্রের তথ্য সম্পর্কে সরকার নির্ধারিত মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র দিতে হবে।
যারা এই নীতিমালা জারির আগেই দুইয়ের বেশি অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তারা যদি কোনো অস্ত্র বিক্রি বা হস্তান্তর বা হারিয়ে ফেলেন, এর পরিবর্তে আর কোনো লাইসেন্স পাবেন না।

অবশ্য বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে নিবন্ধিত শ্যুটাররা সর্বোচ্চ তিনটি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন বলে নীতিমালায় বলা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, অবশ্য কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হয়ে থাকেন, তাহলে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন না। একইভাবে কোনো ব্যক্তি ফৌজদারি আদালতে সাজা পাওয়ার পর ৫ বছরের মধ্যে লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আবেদনকারীকে তার নিজ স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের (ডিসি) কাছে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সামরিক বাহিনীর সদস্যরা দি বেঙ্গল আর্মস অ্যাক্ট ম্যানুয়াল ১৯২৪‑এর ২ নম্বর চ্যাপ্টারের ৪০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। সরকারি কর্মকর্তা‑কর্মচারীরাও যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।

আবেদনের পর জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত ফরমে পুলিশের মাধ্যমে আবেদনকারীর প্রাক-পরিচয় যাচাই করবেন। এরপর তিনি আবেদনকারীর সাক্ষাৎকার নেবেন এবং আবেদনকারীর শারীরিক ও মানসিক সামর্থ্য, আবেদন করা অস্ত্র এবং এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান ও অস্ত্রের প্রয়োজনীয়তা বিষয়ে নিশ্চিত হয়ে নির্ধারিত ফরমে মন্তব্য লিপিবদ্ধ করবেন।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬‑তে আরও বলা হয়েছে, সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের জন্য সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় উক্ত জেলার ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্রের রেকর্ড সংরক্ষিত হবে।

অবশ্য সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বয়স এবং কর সম্পর্কিত বিধানের বিশেষ ছাড় পাবেন বলে নীতিমালায় বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status