গজারিয়ায় স্কুল মাঠে জলাবদ্ধতা, শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ
গাজী মাহমুদ পারভেজ
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:35 PM
গজারিয়ায় স্কুল মাঠে জলাবদ্ধতা, শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ
গজারিয়ায় স্কুলের মাঠ ও যাতায়াতের রাস্তা নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এতে স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৬৬ নং খায়রুন্নেছা বক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও বিদ্যালয়ের পরিত্যক্ত ঝুকিপূর্ণ ভবনটি ভেঙে দিলে শিক্ষার্থীদের খেলা উপযোগী মাঠ হবে।
প্রত্যক্ষদর্শী জানান, ৬৬ নং খায়রুন্নেছা বক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে থৈ থৈ করছে পানি। বিদ্যালয়ের মাঠ ও রাস্তা নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠটির বেশিরভাগ অংশই জলমগ্ন হয়ে আছে। পানিতে বেড়ে উঠছে আগাছা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের শরীরচর্চা ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে আসার সময় জামা ভিজে যায়। কাঁদার জন্য হাঁটতে পারি না। সাপ ও জোঁকের ভয়ে বারান্দা থেকে তো নিচে নামাই যায় না। কখনো ভিজে গেলে ক্লাস করতে পারি না। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাখাওয়াত হোসেন বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা ও কর্দমাক্ত পরিবেশের কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় কোমলমতি শিক্ষার্থীদের অনেকেরই পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শিক্ষার্থীর উপস্থিতিও আগের চেয়ে কমেছে। জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: হাকিম বলেন, স্কুলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনসহ ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনটি অপসারণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কাদের মিয়া জানান, জলাবদ্ধতা নিরসনে স্কুল যাতায়াতের রাস্তা ও মাঠ ভরাটের বিষয়টি আপাতত আমাদের হাতে নেই এটা স্কুল কর্তৃপক্ষ বিষয়টি দেখবে। সরকারিভাবে যখন বরাদ্দ আসবে তখন সেই বিষয়টির জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।