গাজীপুরের বিভিন্ন থানা এলাক থেকে গত ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। এসময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অনেকে স্বেচ্ছায় কিছু সরঞ্জাম অস্ত্র সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শর্টগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জাম ১৫টি, পিস্তুল বেল্ট ৫টিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান উল্লেখিত অস্ত্র ও সরঞ্জাম জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।
এসময় জেলা প্রশাসক আরো জানান, বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কারো কাছে থাকলে, বা কেউ পেয়ে থাকলে সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে, কাউকে কিছু বলা হবে না বা কারো বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়া হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তাকে অপরাধী বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।