জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংস পার্টিতে যোগ দিতে চেয়েছিলেন। এ জন্য তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বাসায় গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ফরম পূরণ করে হাফিজের কাছে জমা দিয়েছিলেন তিনি। এমন একটি ছবি ও খবর এখন রাজনৈতি অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে, এ নিয়ে আমার কিছু জানা নেই।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন সাকিব আল হাসান বিএনএমের সদস্য হয়ে আওয়ামী লীগ থেকে কীভাবে সংসদ সদস্য হয়েছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন করে জয় লাভ করেছে। পার্টির কাছে নমিনেশন চাওয়ার সময় সে পার্টির সদস্য। তার আগে তো সাকিব আমাদের পার্টির কেউ ছিল না। নমিনেশন যখন নেয় তখন তাকে তো প্রাইমারি সদস্য পদ নিতে হয়। সে শর্ত পূরণ করা দরকার সেটা সে করেছে। সেভাবেই আমরা মনোনয়ন দিয়েছি। সে এমপি হয়েছে। আমি এই বিষয়ে আর কিছু জানি না।
নির্বাচনের আগে সরকার কিংস পার্টি তৈরি করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। এটার রেজিস্ট্রেশন করে স্বাধীন নির্বাচন কমিশন। কোন দল কে রিকগনিশন (স্বীকৃতি) দেয় এটা নির্বাচন কমিশনের বিষয়। এখানে আমাদের কিছু বলার নেই।