সাতক্ষীরার শ্যামনগরে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী শামিমা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
শামিমা আক্তার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির জয়নগর গ্রামের শহীদ শেখার মেয়ে ও কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির রঘুনাথপুর গ্রামের সাইফুল্যাহ সানার ছেলে সাগর হোসেনের স্ত্রী।
শামিমার বাবা শহীদ শেখ বলেন, শামিমার সঙ্গে ২০২১ সালে সাগর হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। স্বামীর সঙ্গে ঝগড়া করে এক মাস আগে আমার বাড়িতে চলে আসে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় শামিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার মেয়ের দুই বছর বয়সের একটি ছেলে আছে।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।