সরকারি হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 March, 2023, 3:53 AM
সরকারি হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা শুরু
দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা ১২টি জেলায় এবং ৩৯টি উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। এ সেবার মাধ্যমে দেশের জনগণ বিকাল ৩টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা পাবেন।
তিনি বলেন, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং কনসালটেন্ট তাদের নিজ হাসপাতালে বসে রোগী দেখবেন। রোগীর কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে সেগুলোও করা হবে।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের চিকিৎসক, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া প্রমুখ।
সংশ্লিষ্টরা বলছেন, দুয়েকদিনের মধ্যে তারা পরিপূর্ণ সেবা চালু করতে পারবেন।