সর্বনিম্ন যে রান তাড়া করতে ব্যর্থ হয়েছিলো বাংলাদেশ
প্রকাশ: Friday, 24 March, 2023, 11:31 AM
সর্বনিম্ন যে রান তাড়া করতে ব্যর্থ হয়েছিলো বাংলাদেশ
২০১৪ সালের ১৭ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ দল।
সেদিন তাসকিন আহমেদের গতির শিকার হয়ে ২৫.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় সুরেশ রায়নার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেছিলেন পেস বোলার তাসকিন আহমেদ।
ভারতের মতো শক্তিশালী দলকে ১০৫ রানে গুঁড়িয়ে দিয়ে সেদিন জয়ের স্বপ্নে বিভোর ছিল টাইগাররা। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্টুয়ার্ট বিন্নি এবং মোহিত শর্মার গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ৫৮ রানেই অলআউট হয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় আয়ারল্যান্ডকে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট করে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
এদিন অবশ্য দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে স্কোর বোর্ডে ৫৬ রান যোগ করেন তারা। দলের জয়ে ৪৩ ওভারে প্রয়োজন মাত্র ৪৬ রান।