ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাতে ঢাকার রাস্তায় নারী চিকিৎসককে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 March, 2023, 10:55 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 March, 2023, 1:57 PM

রাতে ঢাকার রাস্তায় নারী চিকিৎসককে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ

রাতে ঢাকার রাস্তায় নারী চিকিৎসককে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ

ঢাকার রাস্তায় রাতে এক নারী চিকিৎসককে প্রাইভেট কারে তুলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও ওই নারী অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুল ও হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই নারী চিকিৎসক নিজেকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বলে দাবি করেন। তিনি বলেছেন, পূর্বপরিচিত ব্যক্তিরা হামলা চালিয়ে তাঁর গাল, কপাল, গলা ও বাঁ হাতের বাহুতে জখম করেন। তিনি বাহুতে জখমস্থলে সেলাই করার স্থানটিও দেখান।

ভিডিওতে নারী চিকিৎসক বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে দায়িত্ব পালন শেষে রিকশায় তাঁর লালবাগের বাসায় ফিরছিলেন। সঙ্গে তাঁর ছোট ভাইও ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁর রিকশার গতি রোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাঁকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান ও মশিউর। তাঁরা সবাই তাঁর পূর্বপরিচিত।

ওই নারী বলেন, ‘আমি রাস্তায় কথা বলতে না চাইলে তাঁরা আমাকে জোরপূর্বক টেনে গাড়ির ভেতরে নিয়ে মাঝখানে (পেছনের আসন) বসান। এ সময় আমার ছোট ভাইকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেন তাঁরা। আমি চিৎকার দিয়েছিলাম। কিন্তু আশপাশে কেউ ছিল না।’

ওই নারী আরও বলেন, মশিউর গাড়ি চালাচ্ছিলেন। রাস্তাও অন্ধকার ছিল। একপর্যায়ে লালবাগ থানার কাছে পৌঁছে যান তাঁরা। তখন রাস্তার পাশের রিকশার গ্যারেজগুলো বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘এ সময় তাঁরা আমাকে মারধর ও শ্লীলতাহানি করে। এতে আমার শরীর কেটে–ছিঁড়ে গেছে। একপর্যায়ে আমি জোর করে গাড়ির দরজা খুলি এবং পড়ে যাই।’ এ সময় পাশের রিকশার গ্যারেজ থেকে লোকজন ছুটে এসে তাঁকে টেনে তোলেন বলে জানান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

ওই নারী চিকিৎসককে ভিডিওতে বলতে শোনা যায়, ‘মূলত আমার ওপর ওদের জেলাসি ছিল। কারণ, আমি আমার কাজিনের ব্যবসা দেখাশোনা করতাম। হাসান ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার ছিল। একজন ড্রাইভারের একের পর এক চুরির ঘটনা আমি ধরিয়ে দিই। এসব ঘটনায় শেরেবাংলা নগর থানায় একের পর এক চুরির মামলা হয়েছিল। আমি ওই মামলার সাক্ষী ছিলাম।’

আজ সন্ধ্যায় ওই নারীর মুঠোফোনে কল দিলে তিনি প্রথম আলোকে বলেন, এখন খুব অসুস্থ। পরে কথা বলবেন। র‍্যাব-১০ কথা বলতে নিষেধ করেছে বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোরশেদ বলেন, ওই নারী নিজেকে লালবাগের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের শিক্ষানবিশ চিকিৎসক পরিচয় দিয়েছেন। সেখানে যোগাযোগ করে জানা যায়, এই নামে তাদের কোনো চিকিৎসক নেই। তিনি বলেন, ঘটনাটি ‘পূর্বশত্রুতার জের ও সাজানো’ বলে তাঁর মনে হচ্ছে। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় গতকাল রাতেই দণ্ডবিধির বিভিন্ন ধারা ও নারী শিশু নির্যাতন আইনে চার আসামি—নাজমুল, হাসান, আকাশ ও মশিউরের বিরুদ্ধে মামলা নিয়েছেন। আজ রাজধানীতে অভিযান চালিয়ে নাজমুল ও হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status