প্রকাশ: Saturday, 31 December, 2022, 10:15 AM সর্বশেষ আপডেট: Saturday, 31 December, 2022, 10:23 AM
বাংলাদেশের ফুটবলারদের সঙ্গেও পেলের দেখা হয়েছিল
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে বাংলাদেশে না এলেও তিনি বাংলাদেশের নাম শুনেছিলেন। বাংলদেশের অনেকের সঙ্গেই তার কথা হয়েছিল। বাংলাদেশে আসতেও চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তার আসা হয়নি। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে পেলের কয়েকবার দেখা হয়। সালাহউদ্দিন ছিলেন খেলোয়াড়। আর যখন বাফুফের সভাপতি ছিলেন তখনো পেলের সঙ্গে দেখা হয়েছিল।
সালাউদ্দিন বলেন, ‘১৯৭৭ সালে কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিপক্ষে তিনি যখন খেলতে কলকাতা এসেছিলেন তখন আমার সাথে প্রথম দেখা হয়েছিল। কথা হয়েছিল খুব অল্প। কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি—এমন। এরই মধ্যে তাকে বলেছিলাম, বাংলাদেশে আসতে চান কি না। পেলে বলেছিলেন, আমাকে চিঠি দাও। আমি আসব।’
সালাহউদ্দিন বলেন, ‘এরপর তার সঙ্গে দেখা হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশে আসার আগ্রহ দেখালেও তাকে আনার কোনো উদ্যোগ নিতে পারিনি। কারণ, আমি তখন তো ফেডারেশনের সভাপতি ছিলাম না।’
বাফুফের সভাপতি হওয়ার পর সালাহউদ্দিনের সঙ্গে ফিফার অনুষ্ঠানেও দেখা হয়েছিল। ফিফার মিটিংয়ে দেখা হয়েছিল পেলের সঙ্গে। সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, ‘সভাপতি হওয়ার পর চেষ্টা করেছিলাম। কিন্তু তখন তার শারীরিক অবস্থাটা ভালো ছিল না। আমিও আর এটা নিয়ে ভাবিনি।’
বাফুফের আরেক সদস্য মাহফুজা আক্তার কিরনের সঙ্গেও ফিফার অনুষ্ঠানে দেখা হয়েছিল পেলের। চমকে গিয়েছিলেন কিরণ, যার নাম শুনেছেন সেই ফুটবলার এসেছিলেন একটি অনুষ্ঠানে। কিরণের সঙ্গে কথাও বলেছেন। ছবি তুলেছেন পেলে। বাফুফেতে কিরনের রুমে পেলের সঙ্গে ছবি রয়েছে। কিরনের অভিজ্ঞতা পেলে খুবই অমায়িক।
সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালের সঙ্গেও দেখা হয়েছিলে পেলের। ছবি তুলেছেন পেলের সঙ্গে। প্রয়াত এই সাবেক ফুটবলার বেঁচে থাকা অবস্থায় পেলে এবং মারাদোনার সঙ্গে দেখা হওয়ার গল্প করেছেন বহুবার।
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিনের সঙ্গেও পেলের দেখা হয়েছিল। হাফিজ উদ্দিন ছিলেন বাফুফের সভাপতি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সভায় হাফিজ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ হয় পেলের। এএফসি এবং ফিফার কমিটিতে থাকাকালীন একাধিকবার দেখা হয়েছিল পেলে এবং হাফিজ উদ্দিনের সঙ্গে। পেলেকে ডিকো নামেও ডাকা হতো। হাফিজ উদ্দিন সেই নামে মিল রেখে নিজের ছেলের নাম রেখেছিলেন। কথাটা জানিয়েছিলেন পেলেকে।