ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বিএনপির বরিশালের সমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 November, 2022, 12:30 AM

বিএনপির বরিশালের সমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত

বিএনপির বরিশালের সমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। গণপরিবহন বন্ধ থাকায় ইতোমধ্যে বিমানে করে বরিশাল পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি মোটরসাইকেল মহড়া দেয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (৫ নভেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আগের দিন শুক্রবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। বিএনপির নেতাকর্মীদের মিছিল-স্লোগানে সরগরম হয়ে উঠেছে সমাবেশস্থল।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও সমাবেশে যোগ দিতে বরিশালে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এ জেড এম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিএনপি নেতারা বলছেন, এবারের সমাবেশে জনসমাগম অতীতের রেকর্ড ভেঙে যাবে। মিছিলে-স্লোগানে সরগরম করে রাখা হয়েছে সমাবেশস্থল।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমানযোগে বরিশাল পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শোডাউন দিয়ে নগরে প্রবেশ করেন তারা।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, কেন্দ্রীয় নেতারা বরিশালে এসেছেন। এবারের আন্দোলন সরকার পতনের।

এর আগে, বিএনপি নেতারা বরিশালে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রলীগ। এর নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত। তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, বরিশালে বিএনপি একটি নাটকীয় সমাবেশের আয়োজন করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি করতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ বলেন, বিএনপি সমাবেশের নামে শান্তির নগরী বরিশালে নৈরাজ্যের সৃষ্টি করছে। তাদের এ অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও পাঁচটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status