ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গওহর রিজভী কোথায়?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 October, 2022, 12:38 PM

গওহর রিজভী কোথায়?

গওহর রিজভী কোথায়?

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। এক যুগেরও বেশি সময় ধরে এই দায়িত্বে আছেন তিনি। অন্য উপদেষ্টাদের ন্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়েই তার দপ্তর। প্রয়োজনীয় জনবলও রয়েছে দপ্তরে। তবে নিজ দপ্তরে অফিস করছেন না তিনি। অফিস করছেন বিদেশে বসে। বেতন হচ্ছে দেশে। গত দুইবছর ধরে গওহর রিজভী প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যত অনুপস্থিত। এর মধ্যে স্বল্প সময়ের জন্য কয়েক দফা ঢাকা সফর করেছেন তিনি। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন।


র‌্যাব’র ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা বিদেশি চাপ রয়েছে সরকারের ওপর। বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় হুমকিতে দেশের অর্থনীতি। এমন সংকটময় মুহূর্তে সরকারের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে। গহওর রিজভী পদে আছেন নাকি নেই? পদে থাকলে তিনি কোথায় কি কাজে আছেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, গওহর রিজভীর বর্তমান অবস্থান অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে একাডেমিক বিষয় নিয়ে গবেষণায় ব্যস্ত। কবে ফিরবেন তা জানেন না কেউ।


২০০৯ সালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান গওহর রিজভী। অক্সফোর্ড, হার্ভার্ডসহ বিশ্বের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন সরকারের আন্তর্জাতিক উপদেষ্টাকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। গওহর রিজভী প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে নেই এমন একটি খবর বাজারে চাউর হয়েছিল গত বছরের ডিসেম্বরে। ওইসময় তিনি স্বশরীরে ঢাকায় এসে সেই প্রোপাগান্ডার জবাবে বলেছিলেন, ১১ বছর ধরে এমনটি শুনছি। প্রায় ১৩ বছর ধরে এই পদে আছি। প্রতি দুই বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরাতে চায় অথবা প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়।


 ২৭শে এপ্রিল জারি হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সরকারি আদেশের (জিও) সূত্রে জানা যাচ্ছে, গত ১৪ই মে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সাধারণত সরকারি আদেশে কেউ বিদেশ ভ্রমণে গেলে সেখানে তার ফেরার দিন-তারিখ উল্লেখ থাকে। কিন্তু গওহর রিজভীর ক্ষেত্রে তা উল্লেখ নেই। এর আগে তিনি ৭ থেকে ১৩ই মে ঢাকা সফর করেছিলেন। তারও আগে সিঙ্গাপুরে একটি মিটিংয়ে যোগ দেন তিনি। জিও অনুসারে, গওহর রিজভীর সফর অন ডিউটি হিসেবে গণ্য হবে। তার বেতন ও ভাতা স্থানীয় মুদ্রায় প্রদান করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার নামে এই জিও ইস্যু করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। সূত্রের দাবি, ২০২১ সালে একাডেমিক রিসার্চের কাজে একবছরের ছুটি নিয়েছিলেন গওহর রিজভী। ওই সময় থেকেই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। এর মাঝে বেশ কয়েক দফা তিনি ঢাকা সফর করেন। ডিসেম্বরে গুলশানে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ  দিয়ে তিনি গণমাধ্যমের সামনে কথা বলেন। যুক্তরাজ্যে থাকাকালীন সেখানে বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। সবশেষ গত মাসে লন্ডনে একটি বইমেলার উদ্বোধন করেন। গওহর রিজভীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শিক্ষা ছুটিতেই আছেন গওহর রিজভী। সঙ্গে পরিবার রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণার পাশাপাশি বইও লিখছেন। শিগগিরই গবেষণার কাজ শেষে দেশে ফিরবেন। আগামী মাসে তিনি ফিরতে পারেন। এমনটা শোনা যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status