সদ্য একদিনের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বিরাট কোহলিকে। পেশাগত জীবনে খানিক কঠিন সময়। তবে পাশে আছেন স্ত্রী আনুশকা। ঠিক যেভাবে থাকার কথা, সে ভাবেই। শনিবার চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে সে কথাই ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে মনে করিয়ে দিয়েছেন বলিউড নায়িকা। প্রেমের চিঠি লিখেছেন বিরাট-ঘরণী।
বিরাটের প্রিয় গানের লাইন দিয়ে শুরু হয়েছে চিঠি। বাংলায় যার অনুবাদ করলে দাঁড়ায়, ‘ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই।’
এর পরেই আনুশকা লিখেছেন, ‘এই গান তোমার প্রিয়। এই গানের শব্দগুলোকে সম্বল করেই তুমি বেঁচে থেকেছ। এই গানের কথা সম্পর্কের ক্ষেত্রেও খুব সত্যি। আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। প্রয়োজনে আমার কথা শোনার জন্য হৃদয়ের দরজা খুলে রেখেছ, ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘যে বিশ্ব স্রেফ ধারণার ওপর ভিত্তি করে চলে, সেখানে তোমার মতো মানুষ হতে গেলে প্রচণ্ড সাহসের দরকার। সমানে সমানে বিয়ে তখনই সম্ভব যখন দু’জনেই একটা নিরাপদ জীবনে দাঁড়িয়ে। আর তুমি আমার দেখা সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ মানুষ।’
স্বামীর প্রশংসা করে আনুশকা বলেছেন, ‘তারা সত্যিই ভাগ্যবান, যারা তোমাকে কাছ থেকে চেনেন। তোমাকে নিয়ে যে সব ধারণা প্রচলিত আছে, তার বাইরে গিয়ে জানেন তোমাকে। সব সাফল্যের আড়ালে তোমার মনকে চিনতে হবে। এভাবেই যেন ভালবাসা, সততা, শ্রদ্ধা আর বিশ্বস্ততা আমাদের পথ দেখায়।’
আনুশকাকেও এই ভালবাসা ফিরিয়ে দিয়েছেন বিরাট। স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘চার বছর ধরে তুমি আমার বোকা বোকা মজা আর আলস্য সহ্য করছ। চার বছর ধরে আমাকে আমার মতো করে মেনে নিয়েছো। যতই বিরক্ত হই না কেন, আমাকে ভালবেসেছ। চার বছর ধরে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন।
সব থেকে সৎ, সাহসী নারীকে আমার বিয়ে করার আজ চার বছর। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও সত্যের পথে থাকার অনুপ্রেরণা জুগিয়েছ। আমাদের বিয়ের চার বছর। সব দিক দিয়ে তুমি আমাকে পরিপূর্ণ করেছ। সারা জীবন নিজের সবটা দিয়ে তোমাকে ভালবাসব। আজকের দিনটা বেশি স্পেশাল, কারণ পরিবার হিসেবে এটাই আমাদের প্রথম বিবাহবার্ষিকী। এই ছোট্ট শিশুর জন্য জীবন আজ পরিপূর্ণ।’
২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট-আনুশকা। গত বছর তাদের জীবনে এসেছে মেয়ে ভামিকা। বর্তমানে পেশাগত জীবনে খানিক ধূসর হলেও পরিবারকে নিয়ে বর্ণিল সময় কাটছে বিরাট কোহলির।