রাজধানীর ধানমন্ডিতে লন্ডন প্রবাসীর বাসায় চুরির ঘটনায় জড়িত মূলহোতাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ধানমন্ডির লন্ডন প্রবাসীর বাসায় চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও চুরিকৃত আলামত উদ্ধার করা হয়। এ বিষয়ে শনিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার সকাল ৬টায় রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭/বি বাড়িতে প্রবেশ করে দুই চোর। বাড়ির আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে বেরিয়ে যায় তারা। এ দৃশ্য আবার লন্ডনে বসে দেখেন বাড়ির মালিক একরামুল ওয়াদুদ। সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি দেখে নিরাপত্তাকর্মীকে ফোনে জানান তিনি। এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেন বাসার নিরাপত্তাকর্মী আফাজ।