ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিমকে অব্যাহতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 6:01 PM
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিমকে অব্যাহতি
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহ-সভাপতি সজীব আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম হোসেনকে তার নিজ পদ থেকে অব্যহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহ-সভাপতি সজীব আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ছাত্রলীগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের এক যৌথসভা শেষে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দলীয় সভাপতি শেখ হাসিনার এই নির্দেশনা অবহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই নির্দেশনা অবহিত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান। এর প্রেক্ষিতে অব্যাহতির প্রেস রিলিজ দেয়া হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। এই ঘটনার পরপরই সমালোচনায় পড়েন ইব্রাহিম। তবে তাকে অব্যাহতির নির্দিষ্ট কারণ জানা যায় নি।