চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো শিক্ষককে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 10:34 AM
চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো শিক্ষককে
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রামে এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর বিরুদ্ধে। পরে ওই শিক্ষকের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার ২৭ নভেম্বর, রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, শিক্ষক রহমত উল্লাহ সদরঘাট এলাকার পিটিআইয়ের (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণার্থী। সকালে পিটিআই যাওয়ার জন্য অক্সিজেন এলাকা থেকে নিউমার্কেট অভিমুখী একটি বাসে ওঠেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চালকের সহকারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তিনি স্টেশন রোডের বটতলী এলাকায় নেমে যেতে চাইলে নামতে না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। এরপর সহকারী ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেন। এরপর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আশপাশের লোকজনের সহায়তায় রক্ষা পান তিনি। পরে তাকে উদ্ধার করে মেহেদীবাগ এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ওই হাসপাতালের চিকিৎসক ও নির্বাহী পরিচালক আমজাদ হোসাইন বলেন, রহমত উল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার কোমরের বাঁ পাশের হাড়ে চিড় ধরা পড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শিক্ষকের স্বজন মো. রুবেল বলেন, রহমত উল্লাহ ৮ নম্বর রুটের সৌরভ পরিবহনের একটি বাসে করে অক্সিজেন এলাকা থেকে নিউমার্কেট যাচ্ছিলেন। পথে তাকে ধাক্কা দিয়ে চালকের সহকারী ফেলে দেন।
ওসি নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত বাসচালক ও সহকারীকে শনাক্ত করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।