|
মাস্ক ব্যবহারে সংক্রমণ কমে ৫৩%: গবেষণা
নতুন সময় ডেস্ক
|
![]() মাস্ক ব্যবহারে সংক্রমণ কমে ৫৩%: গবেষণা গবেষণায় দেখা গেছে, সংক্রমণ কমাতে ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষার ব্যবস্থাগুলো কার্যকর। এর মধ্যে রয়েছে হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। তবে এগুলোর মধ্যে মাস্ক পরাই বেশি কার্যকর। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের বিএমজে সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখলে সংক্রমণ ২৫ শতাংশ কমানো সম্ভব হয়। নিয়মিত হাত ধোয়ায় সংক্রমণ কমানো যায় ৫৩ শতাংশ। তবে হাত ধোয়ার ক্ষেত্রে যে গবেষণা হয়েছে, তা সংখ্যায় নগণ্য। শুধু মাস্ক ব্যবহারে সংক্রমণ কমে ৫৩ শতাংশ। বিশ্বজুড়ে ৩০টির বেশি গবেষণার ফলাফল পর্যালোচনা করে গবেষকরা এসব তথ্য পেয়েছেন। গার্ডিয়ান জানায়, করোনার যেসব টিকা দেশে দেশে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো নিরাপদ ও কার্যকর। এই টিকা জীবন রক্ষা করছে। তবে অধিকাংশ টিকা শতভাগ সুরক্ষা দেয় না। অধিকাংশ দেশ এখনও সবার জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি। তদুপরি বিদ্যমান টিকা করোনার ভবিষ্যৎ ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দেবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। এ কারণে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য মাস্ক ব্যবহারসহ অন্যান্য বিধি অনুসরণ গুরুত্বপূর্ণ। এই গবেষণায় যুক্ত ছিলেন মনাশ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকরা।হবিশ্বজুড়ে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা সাড়ে ২৫ কোটি ছাড়িয়েছে। মারা গেছে ৫১ লাখের বেশি। ডেলটার মতো অধিক সংক্রমণের ক্ষমতাসম্পন্ন ভ্যারিয়েন্টের কারণে বিশ্বে প্রতি ৯০ দিনে পাঁচ কোটি মানুষ সংক্রমিত হচ্ছেন। এখনও প্রতিদিন কয়েক হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন। করোনার শুরুতে বিভিন্ন দেশ মাস্ক পরার ওপর জোর দেয়। এরপর কিছু দেশ মাস্ক পরার ক্ষেত্রে শিথিলতা দেখালেও সম্প্রতি নেদারল্যান্ডস, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও পোল্যান্ড আবার কড়াকড়ি আরোপ করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
