|
গোবিন্দগঞ্জে তিন ঘন্টার বউ বাজার
এল.এন.শাহী, গাইবান্ধা
|
![]() গোবিন্দগঞ্জে তিন ঘন্টার বউ বাজার হঠাৎ করেই বছর সাতেক আগে হীরক সিনেমা হল বন্ধ হয়ে যায়। সিনেমা হলকে কেন্দ্র করে যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছিল তা মুহুর্তেই স্তব্ধ হয়ে যায়। জীবন জীবিকার টান পড়ায় দুই তিন জন হল শ্রমিক ও দোকানী ঢালায় করে শাক সবজি নিয়ে প্রতিদিন ভোরে হলের সামনের গোবিন্দগঞ্জ সরদারহাট সড়কে বসে থাকে। আশেপাশের মহিলারা তাদের কাছ থেকে শাক সবজি কিনতে শুরু করে। ক্রমেই বাড়তে থাকে দোকানীর সংখ্যা। আশের পাশের কয়েকটি মহল্লার মহিলারা এই বাজারে আসতে শুরু করে। এভাবেই গড়ে উঠে আজকের বউ বাজার। বাজারের ক্রেতা সাথী আকতার জানান, সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বউ বাজারে সবধরণের জিনিসপত্র পাওয়া যায়। রান্না বান্নার ঘাটতি জিনিসপত্র বাড়ির পাশের এই বাজার থেকে সহজে কিনে আবার রান্না করে খাওয়া যায়। বউ বাজারের দোকানী নুরুন নবী জানান, তিন ঘন্টার এই বাজারে প্রচুর মহিলা ক্রেতা আসে। বেচাকেনা ভালো হয়। সকালে বাজারে দোকানদারী করে সারাদিন অন্য কাজ করা যায়। বর্তমানে লকডাউনের কারণে বাজারে ক্রেতা কম বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফেরদৌস লিমন জানান, হঠাৎ করেই বউ বাজার গড়ে উঠে। শুরু থেকেই বাজারের প্রায় সব ক্রেতা গৃহিনীরা। বাসা বাড়ির বউরা বাজারের বেশি ক্রেতা হওয়ায় বাজারের নাম হয়েছে বউ বাজার। বউ বাজার এলাকার কাউন্সিলর পৌরসভার প্যানেল মেয়র শাহীন আকন্দ জানান, বউ বাজার হঠাৎ করে শুরু হলেও আজ এটি প্রতিষ্ঠিত বাজার। এই বাজার এলাকার মানুষের নিত্যপণ্যের প্রয়োজন মেটাচ্ছে। বাড়ির নিকট এমন একটি বাজার গড়ে উঠায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ভালো মানের জিনিসপত্র কিনতে পারছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
