ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 9:15 PM

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮ জন

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮ জন

দেশে একদিকে বাড়ছে করোনার প্রকোপ অন্যদিকে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপও। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৯ জন। যাদের মাত্র একজন ঢাকার বাইরে ও বাকি ১৭৮ জনই ঢাকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৪ জন। জুন নাগাদ ডেঙ্গু রোগী অনেক বেড়েছে।

সংস্থাটি জানায়, নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে।

রাজধানীর দুই সিটি করপোরেশনের মধ্যে মোহাম্মদপুরের ইকবাল রোড, লালমাটিয়া, সায়দাবাদ এবং উত্তর যাত্রাবাড়ী এলাকায় এডিসের লার্ভা বেশি পাওয়া যাচ্ছে বলে জরিপে উঠে এসেছে।

ডেঙ্গুর লার্ভা শনাক্ত ও মশক নিধনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিয়মিত অভিযান চলছে। এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ভবন ও স্থাপনা মালিকদের নিয়মিত জরিমানা করা হচ্ছে।

রাজধানীর গুলশানে নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড ও আরেক ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জুলাই) গুলশান-২ এলাকায় বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডকে জরিমানা এবং একই এলাকায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের সাইট ইঞ্জিনিয়ার সাইদ হোসেনকে কারাদণ্ড দেয়া হয়।

এ সময় নির্মাণাধীন ভবন দু’টিতে লাল কালিতে ক্রস চিহ্ন এবং সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা। এডিসের লার্ভা নিধনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status