হাইতির প্রেসিডেন্ট হত্যায় জড়িত ২৬ কলম্বিয়ান ও ২ মার্কিন: পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 July, 2021, 12:55 PM
হাইতির প্রেসিডেন্ট হত্যায় জড়িত ২৬ কলম্বিয়ান ও ২ মার্কিন: পুলিশ
বৃহস্পতিবার পুলিশ সন্দেহভাজনদের কয়েকজনকে উদ্ধার করা অস্ত্র ও কলম্বিয়ার পাসপোর্টসহ গণমাধ্যমের সামনে হাজির করে -রয়টার্স
বৃহস্পতিবার পুলিশ সন্দেহভাজনদের কয়েকজনকে উদ্ধার করা অস্ত্র ও কলম্বিয়ার পাসপোর্টসহ গণমাধ্যমের সামনে হাজির করে -রয়টার্স
বেশিরভাগ অবসরপ্রাপ্ত কলম্বিয়ার সৈন্যদের নিয়ে গঠিত ২৮ জনের একটি হিট স্কোয়াড হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মইসকে হত্যায় জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সন্দেহভাজনদের কয়েকজনকে অস্ত্র, কলম্বিয়ার পাসপোর্ট এবং অন্যান্য প্রমাণাদিসহ গণমাধ্যমের সামনে হাজির করে। এ সময় পুলিশ প্রধান লিয়ন চার্লস সাংবাদিকদের জানান, এই দলে ২৬ জন কলম্বিয়ান এবং হাইতিয়ান বংশোদ্ভূত ২ আমেরিকান রয়েছে। সন্দেহভাজনদের মধ্যে ৮ জন এখনও পলাতক রয়েছে। এছাড়া দুই আমেরিকানসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তিনজন রাজধানী পোর্ট-এ-প্রিন্সে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে।
এর আগে বুধবার প্রেসিডেন্ট মইসি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।
কী কারণে এবং কারা এই হত্যার পরিকল্পনাকারী তা এখনও পরিষ্কার নয়। হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ বিবিসিকে বলেন, প্রেসিডেন্টকে হত্যার কারণ সম্ভবত, তিনি দেশটির 'অভিজাত'দের বিরুদ্ধে লড়াই করছিলেন।
মইসির পলাতক হত্যাকারীদের ধরার অঙ্গীকার করে পুলিশ প্রধান বলেন, 'সন্দেহভাজন বিদেশিরা রাষ্ট্রপতিকে হত্যার জন্য হাইতিতে এসেছিল। তাদের বাকি আট খুনিকে ধরতে তদন্ত ও অভিযান জোরদার করবে পুলিশ।'
স্থানীয় সময় বুধবার নিজের বাসায় একদল বন্দুকধারীর গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এ সময় তার স্ত্রী মার্টিন মইসি আহত হন। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে নেওয়া হয়। এরপরই দেশটিতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।