‘১২ বছর নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে থাকা কোনও জোক না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 5:40 PM
‘১২ বছর নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে থাকা কোনও জোক না’
২০০৯ সাল থেকে ওয়ানডে অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষ স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ইনজুরি-নিষেধাজ্ঞা যাই আসুক সব কিছুকে পাশ কাটিয়ে সিংহাসন নিজের দখলেই রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। সাকিব দলে খেললে একজনের বদলে দুইজনের সার্ভিস পাওয়া যায় সেটা নিজেই বারবার প্রমাণ করেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান সিরিজে রান আসেনি সাকিবের ব্যাট থেকে। তবে প্রথম দুই ম্যাচে বল হাতে ঠিকেই অবদান রেখেছেন তিনি।
এরই মধ্যে তিন ম্যাচের সিরিজ নিজেদের পকেটে পুড়েছে বাংলাদেশ। শুক্রবার (২৮ মে) তৃতীয় ম্যাচে লক্ষ্য তিনে তিন। তার আগে বৃহস্পতিবার (২৭ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের রান খরা নিয়ে।
জবাবে অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, ‘সাকিব নিয়ে বলার কিছু নাই। হি নোজ হিজ গেম। ও জানে কখন কি করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে এটা কোনও জোক না। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভাল হবে।’
৩৪ বল খেলে ১৫ রান তুলেছিলেন সাকিব। ইনিংসে ছিল দুটি চার। বল হাতে ৪৪ রান খরচ করে তুলেন একটি উইকেট। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ২ বল খেলে শূন্য হাতে ফিরে যান। তবে ৩৮ রানে আদায় করেন দুটি উইকেট।
দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ মনে করেন সময় মতো ঠিকই জ্বলে উঠবেন সাকিব।
‘প্রথম ম্যাচে ভাল একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের ম্যাচে ভাল ইনিংস খেলবে।’