বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে একের পর এক সাফল্যের পালক যোগ করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। তবে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। এই নির্মাতার একের পর এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নায়িকা। আবার দীপিকার সিনেমা বানানোর প্রস্তাবও ব্যস্ততার অজুহাতে নাকচ করে দিয়েছেন বানসালী।
তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এক হচ্ছেন তারা। নিজের বহু বছরের ড্রিম প্রজেক্ট ‘বৈজু বাওরা’ তৈরি করতে চলেছেন পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানসালী। এতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
আপাতত ‘বৈজু বাওরা’ ছবির চিত্রনাট্য লেখা নিয়েই দারুণ ব্যস্ত এই নির্মাতা। ইতিমধ্যেই দীপিকার সঙ্গে কয়েক দফা আলোচনা সেরে ফেলেছেন তিনি। বৈঠকের পর ছবির গল্প ও চিত্রনাট্য বেশ মনে ধরেছে অভিনেত্রীর।
জানা গেছে, ‘বৈজু বাওরা’ ছবির চিন্তা ভাবনার প্রথম দিন থেকেই দীপিকাকে এই ছবির জন্য মনে মনে ভেবে রেখেছিলেন বানসালী। সবকিছু ঠিকঠাক থাকলে ডাকাত রানী রূপমতীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তবে এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি।