ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় ৬ জনের হতাহতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন তিনজন, আহতের সংখ্যাও ৩। তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- প্রাইভেট কারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে তিনি।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়ানো ছিল। এসময় সিলেটগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক ও আরেকজন আরোহী মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েচেন পুলিশের এই কর্মকর্তা।