কয়েবদিন আগে নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমসকে নিয়ে একের পরে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ‘সারেগামাপা’র গায়ক মাইনুল আহসান নোবেল। একটি, দুটি নয় চাঁদরাত থেকে গত ৯ ঘণ্টায় নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে মোট ১৭টি পোস্ট দিয়েছেন। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে। তারমধ্যে বেশিরভাগই আপত্তিকর মন্তব্য। এবার ফেসবুকে নিজের ভুল স্বীকার করে জেমসের কাছে ক্ষমা চাইলেন নোবেল।
মঙ্গলবার (১৮ মে) এক স্ট্যাটাসে তিনি লেখেন, জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাঁকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।
এর আগে ফেসবুকে নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চান নোবেল। তিনি লেখেন, রোড এক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছি। আমি না হয় ভুল করব। সেই ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি।
আমি সব সাংবাদিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না। সবাইকে ভালোবাসা। ঈদ মোবারক।